জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির জন্য আজ (মঙ্গলবার) পর্যন্ত সময় ধার্য ছিল। তবে এ সময়ের মধ্যে শুনানি শেষ করা সম্ভব না হওয়ায় আপিল বিভাগে এ বিষয়ে একটি রিভিউ আবেদন করেন খালেদার আইনজীবীরা।
আপিল বিভাগের এ আদেশের ফলে আপিল নিষ্পত্তির জন্য আরও তিন মাস সময় পেলেন বিএনপি চেয়ারপারসন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, গত ১৬ মে আপিল বিভাগ ৩১ জুলাইয়ের মধ্যে খালেদার করা ওই আপিল নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছিলো। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ১২ জুলাই আপিল বিভাগ বিষয়টি (খালেদার পুনর্বিবেচনা আবেদন) ৩১ জুলাই পর্যন্ত স্ট্যান্ডওভার (মুলতবি) রাখা হয়।