নাটোরের সিংড়ায় ব্যবসায়ী ও কৃষক আব্দুল কাদের হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসি ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান ছিদ্দিক এ রায় দেন।
বিচারে হত্যা মামলার আসামিদের মধ্যে পাঁচ জনের ফাঁসির আদেশ দেয়া হয়। আর দুইজনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
রায় ঘোষণার সময় আসামিদের ছয় জন আদালতে উপস্থিত ছিলেন।
অপর এক আসামি মামলা চলার সময়েই মারা যান।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সিংড়ার বিয়াস গ্রামের ব্যবসায়ী ও কৃষক আব্দুল কাদেরকে কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে তার হাত-পা বেঁধে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নব বিবি বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।