বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দেয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
রোববার হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অনুমতি নিয়ে রিটটি দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবী নওশাদ জমির।
পরে নওশাদ জমির বলেন, ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দেয়ার নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়েছে। পাশাপাশি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ বোর্ড গঠন এবং এখন পর্যন্ত তাঁর চিকিৎসাসেবা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।।
তিনি জানান, খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসাসেবা না দেওয়া সংবিধানের ৩২ ও ৩৫ (৫)-এর পরপন্থী—এমন যুক্তিতে রিটটি করা হয়েছে।
খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রিট আবেদনে রুল চাওয়া হয়েছে।
রিটে স্বরাষ্ট্রসচিব, আইজি (প্রিজন), ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারসহ সাতজনকে রিটে বিবাদী করা হয়েছে।
খালেদা জিয়ার পক্ষে এই রিট দাখিলকারী আইনজীবী বলেন, চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
গত সপ্তাহে খালেদা জিয়ার একটি মামলা পরিচালনার জন্য কারাগারে আদালত স্থাপনের গেজেট বাতিল চেয়ে আইনজীবী নওশাদ জমির একটি আইনি নোটিশ পাঠান। এতে বলা হয়েছিল, ৮ সেপ্টেম্বরের মধ্যে গেজেট বাতিল করতে হবে।
এ বিষয় জানতে চাইলে নওশাদ জমির বলেন, ‘এখনো আইনি নোটিশের জবাব পাইনি। জবাব না পেল রিট করা হবে।’