সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা দেশ ছাড়ার পর যে বই লিখেছেন তাতে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ নামে একটি বই প্রকাশ করেন সিনহা। ওই বইয়ে তিনি দাবি করেছেন, তিনি দেশ ছেড়েছেন ‘হুমকির মুখে’।
অ্যাটর্নি জেনারেল বলেন, সবচেয়ে বড় কথা হলো বিচারপতি সিনহা যা করছেন এটা বিচার বিভাগের ভাবমূর্তি তিনি নিজেই নষ্ট করছেন। তিনি প্রধান বিচারপতি থাকার সময় তার সঙ্গে যারা বিচারকার্য পরিচালনা করেছেন তাদের সম্পর্কে কোনরকম কূট মন্তব্য করা বা নানারকম বাজে কথা বলা খুবই অগ্রহণযোগ্য এবং এই কাজটা করে তিনি নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।
মাহবুবে আলম বলেন, তিনি (এস কে সিনহা) কেন তার সঙ্গে তার সহকারী বিচারপতিরা একসঙ্গে বসতে (আপিল বেঞ্চে) চাননি। অন্য বিচারপতিরা তার সঙ্গে কেন বসতে চাননি সেই কারণগুলো তো তিনি বলেননি? সেগুলো তিনি যদি উল্লেখ করেন তবে দুর্গন্ধ আরও ছড়াবে। সেগুলোতে বিচার বিভাগের ভাবমূর্তি আরও নষ্ট হবে।