জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকাজ চলবে কি না সে বিষয়ে আগামীকাল-সোমবার রায় দেবে আপিল বিভাগ।
রোববার এ বিষয়ে হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষে এ আদেশ দেয় আপিল বিভাগ।
শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ আদেশের জন্য সোমবার দিন ঠিক করেছে।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এই আদেশের ওপর নির্ভর করবে কাল-সোমবার বিচারিক আদালত এই মামলার রায় ঘোষণা করবে কি না।
আদালতে খালেদার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে জয়নুল আবেদীন বলেন, শুনানি শেষ হয়েছে— আদালত আদেশের জন্য সোমবার দিন ঠিক করেছে।
জয়নুল আবেদীন বলেন, আপিল বিভাগের আদেশের ওপর নির্ভর করবে সোমবার বিচারিক আদালতের রায়।
ন্যায় বিচারের প্রত্যাশা করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
পুরানো কেন্দ্রীয় কারাগারের ভেতর অবস্থিত ঢাকার বিশেষ পঞ্চম জজ আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ১৮ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করে। বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে রায় ঘোষণার এই আদেশের বিরুদ্ধে তার আইনজীবীরা হাইকোর্টে আপিল করলে তা খারিজ করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। তবে বিচারিক আদালত সোমবার রায় দেবে কি না তা নির্ভর করবে আপিল বিভাগের আদেশের ওপর- এমন তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
রায়ে ন্যয় বিচার পাবে বলে আশা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা।