মানহানির মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছে রংপুরের একটি আদালত।
এদিকে, মইনুল হোসেনের হাজিরাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে যুবলীগ ও যুবদলের মধ্যে ব্যাপক সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এসময় মইনুল হোসেনকে বহনকারী গাড়ি লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়ে যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের সদস্যরা।
দেড় ঘণ্টা পর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তা দেশের পরিস্থিতি বিবেচনা করে মইনুল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে মইনুল হোসেনকে কারাগারে নেয়ার পথে আদালত প্রাঙ্গনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা পাল্টাপাল্টি শ্লোগান দিলে যুবলীগের সঙ্গে সংঘর্ষ বাধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ২ রাউন্ড টিয়ার শেল ও ৪ রাউন্ড গুলি করে। এসময় পুলিশসহ ৭ জন আহত হন।