চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ‘ফোনালাপ’-এর ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উচ্চ আদালত থেকে গতকাল জামিননামা কারাগারে পৌঁছায়। এটি যাচাই–বাছাই করে আজ আমীর খসরুকে মুক্তি দেয়া হয়েছে।
গত ২১ অক্টোবর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ‘ফোনালাপ’-এর ঘটনায় করা মামলায় আমীর খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
গত ৪ আগস্ট চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর কোতোয়ালি থানায় আইসিটি আইনে মামলাটি করেন। আমীর খসরুর বিরুদ্ধে ওই ফোনালাপে আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগ আনা হয়। বরাবরই বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়।