প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায় এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা আদালতের (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে চারটি মামলায় জামিনের আবেদন করা হয়। এর মধ্যে তিনটিতে জামিনের আদেশ দিয়েছে আদালত।
তিনি বলেন, আদালতে শুনানিতে বলা হয়েছে আসামি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এর আগেও প্রধানমন্ত্রীকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা করা হয়েছে। তাই এ ধরনের হুমকিদাতাকে যেন জামিন দেওয়া না হয় সে আবেদন করেছি।
উপলক্ষে গত ২৯ মে ফটিকছড়িতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর পরিণতি বঙ্গবন্ধুর চেয়েও খারাপ হবে। ওই বক্তব্য নিয়ে একটি স্থানীয় দৈনিকে প্রতিবেদনও প্রকাশিত হয়।
ঘটনার পরদিন ফটিকছড়ি থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন। মামলায় স্থানীয় বিএনপি নেতা সারওয়ার আলমগীরসহ আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই।
একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে প্রার্থী হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন গিয়াস কাদের।
তার ছেলে সামির কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন নিয়েছেন।