প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এবং অন্য চার নির্বাচন কমিশনারের নিয়োগ বৈধতা নিয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট।
এছাড়া ভোটগ্রহণে ইভিএম ব্যবহারের নির্দেশনা চেয়ে করা আরেকটি রিটও হাইকোর্ট খারিজ করেছে।
সোমবার দুপুরে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ সিইসি ও অন্য কমিশনারদের বৈধতা নিয়ে করা রিট খারিজের আদেশ দেয়।
সংবিধানের ১১৮ ধারার ১ অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়ন না করে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নিয়োগের বৈধতা নিয়ে গত ২৫ নভেম্বর উচ্চ আদালতে রিট আবেদনটি করা হয়।
আদালতে রিটটির পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
এদিকে, ভোলা-১ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এ ভোট গ্রহণের নির্দেশনা চেয়ে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর করা আরেকটি রিট সরাসরি খারিজ করে হাইকোর্ট।