বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করার আদেশ দিয়েছে আপিল বিভাগ।
এছাড়া বাছাইয়ের পর কোনো পক্ষ আপিল করলে সেটিও ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।
এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার আবেদন করেন।
আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
রিটার্নিং অফিসারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত মঙ্গলবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনে থাকা ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকতার কাছে পাঠানো এবং তা ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেয়। এর বিরুদ্ধেই আপিল বিভাগে আবেদন করেন রিটার্নিং অফিসার।
ওইদিন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, গত ২৮ নভেম্বর ঢাকা-৯ আসন থেকে চেষ্টা করেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে ১ ডিসেম্বর এটি নির্বাচন কমিশন অফিসে জমা দেয়া হয়।
তিনি জানান, এরপর হাইকোর্টে রিট করা হয়। মঙ্গলবার শুনানি নিয়ে আদালত এক নম্বর বিবাদীকে (নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার) মির্জা আব্বাসের মনোনয়নপত্র চার নম্বর বিবাদীর (রিটার্নিং কর্মকর্তা) কাছে পাঠাতে বলেন। আর রিটার্নিং কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে এ মনোনয়নপত্র যাচাই-বাছাই করতে নির্দেশ দেয়া হয়।
এ রিটের বিবাদীরা হলেন: নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যুগ্ম-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) ও ঢাকা বিভাগীয় কমিশনার এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার।
ঢাকা-৯ আসনে থেকে বিএনপির এ প্রার্থী নির্বাচন করার জন্য মনোনয়নপত্র বৈধ করার জন্য লড়ে যাচ্ছেন।