একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার প্রার্থিতা বাতিলই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার সকালে বিচারপতি জেবিএম হাসানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে এ মামলায় আদালত বর্জন করায় খালেদা জিয়ার পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদনের ওপর গত ১১ ডিসেম্বর দ্বিধাবিভক্ত আদেশ দেন হাইকোর্ট। যার ফলে মামলাটির নথি প্রধান বিচারপতির কাছে যায়। এরপর মামলাটি শুনতে বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।
তবে খালেদা জিয়ার আইনজীবী শুনানি করতে অনাস্থা প্রকাশ করলে আদালত তা লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন।
এরপর আজ (মঙ্গলবার) সকালে রিট আবেদনের ওপর হাইকোর্টের তৃতীয় বেঞ্চে অনাস্থা আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। এরপর আদালত তা খারিজ করে দেন।