বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে ও দোষীদের বিচারে যুক্তরাষ্ট্রের আদালতে আগামীকাল (শুক্রবার) মামলা হবে। বাংলাদেশ সময় আনুযায়ী শুক্রবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে বাংলাদেশ ব্যাংক মামলা করবে।
ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকসহ এ ঘটনায় জড়িত ও সুবিধাভোগী সবাইকেই এ মামলায় আসামি করা হচ্ছে— উল্লেখ করে গভর্নর ফজলে কবির বলেন, চুরি যাওয়া অর্থ উদ্ধার ও জড়িতদের শাস্তির আওতায় আনতেই এ মামলা।
এ মামলায় সম্ভাব্য আসামি হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছে তারা হলেন আরসিবিসি ও তাদের কয়েকজন কর্মকর্তা, অর্থ স্থানান্তরকারী কোম্পানি ফিলরেম ও তার কর্মকর্তা, ক্যাসিনো মালিক ও সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
এ মামলায় ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক পূর্ণ সহায়তা দেবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ফেডের একটি চুক্তিও স্বাক্ষর হবে।