বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে গ্যাটকো দুর্নীতি মামলায় শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ঢাকার ৩ নম্বর আদালতের বিচারক সৈয়দ দিলদার হোসেনের আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত ২৪ জানুয়ারি এই মামলার শুনানির জন্য কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির করে কারা কর্তৃপক্ষ। সেদিন প্রয়োজনীয় নথি না থাকায় মামলাটির শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।
২০১৬ সালের ৫ এপ্রিল এ মামলায় খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন পান।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদক উপপরিচালক গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন। পরে ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা।