গুলশান থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১২ মার্চ ধার্য করেছে আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেয়।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারি ময়েজ আহমেদ বলেন, রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল।
তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক প্রতিবেদন জমা না দেয়ায় আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এদিকে, মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফ্রেবুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হন নেতাকর্মীরা। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার মানুষ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হলে মিছিলে বোমা নিক্ষেপ করা হয়।
পরবর্তীতে এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু মামলাটি দায়ের করেন।