দেশে বিভিন্ন সড়ক মহাসড়কে বিপজ্জনক অবস্থায় থাকা বৈদ্যুতিক পোলসহ সব ধরনের খুঁটি ৬০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের এ বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি হয়।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সরকারের পূর্ত বিভাগসহ সংশ্লিষ্টদের খুঁটি সরানোর এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এ নির্দেশ পালনে বিবাদীদের সহযোগিতা করার কথা বলেছে আদালত।
রিটকারী আইনজীবী সায়েদুল হক সুমন জানান, গত শনিবার রাতে সিলেটে যাওয়ার পথে নরসিংদীর শিবপুরে রাস্তার মধ্যে একটি খুঁটি দেখে ফেইসবুকে লাইভ করেন তিনি।
সেই ভিডিও দেখে অনেকেই দেশের বিভিন্ন সড়কে থাকা বিপজ্জনক খুঁটির ছবি ফেইসবুকে সুমনকে পাঠান।
তিনি বলেন, ওইসব ছবি যুক্ত করেই বুধবার হাইকোর্টে জনস্বার্থে এ রিট আবেদন করা হয়।