রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে হতাহতদের প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
পাশাপাশি রিটে চকবাজারের ঘটনায় বিচারিক তদন্ত, সেখানকার কেমিকেল গোডাউন অন্য জায়গায় স্থানান্তর ও অনুমোদন ছাড়া ভবনগুলো ভেঙে ফেলার নির্দেশ চাওয়া হয়েছে।
একই সঙ্গে নিমতলীতে ভয়াবহ আগুনের পরেও চকবাজার থেকে কেমিক্যালের গোডাউন না সরানোয় সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, রাজউক চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ মোট ছয় জনকে বিবাদী করা হয়েছে।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি জানিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ৬৭ জন। শনাক্তের পর এ পর্যন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৪৭ জনের মরদেহ।
গত বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের ওয়াহিদ মঞ্জিলে অগ্নিকাণ্ডে ৬৭ জন প্রাণ হারান। অর্ধশতাধিক আহতের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।