রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারে বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ১০ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণ না দিলে গ্রিনলাইন পরিবহনের সব ধরনের টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা। গ্রিনলাইন পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ অজি উল্লাহ।
এর আগে সকালে ক্ষতিপূরণ বিষয়ে শুনানি শুরু হলে আদালতের আদেশের পরও রাসেলকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। পরে গ্রিনলাইনের ব্যবস্থাপককে দুপুর ২টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
গত ১২ মার্চ রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সেইসঙ্গে তার চিকিৎসার যাবতীয় খরচ গ্রিনলাইন কর্তৃপক্ষকে বহন করতে ও তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতে বলা হয়। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করে গ্রিনলাইন কর্তৃপক্ষ।