মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোণার আটপাড়ার হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু ও সোহরাব ফকির ওরফে ছোরাপ ফকিরকে ফাঁসির আদেশ দিয়েছে।
বুধবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেছে।
দুই আসামির মধ্যে কারাগারে থাকা সোহরাব আলী ওরফে ছোরাপ রায়ের সময় আদালতে উপস্থিত ছিল। আরেক আসামি হেদায়েত উল্লাহ ওরফে আঞ্জু বিএসসি পলাতক।
এর আগে মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ঠিক করে।
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর জেয়াদ আল মালুম, মোখলেছুর রহমান বাদল, সাবিনা ইয়াসমিন খান মুন্নী, তাপস কান্তি বল প্রমুখ। আর আসামিপক্ষে ছিলেন আব্দুস শুকুর খান।
এর আগে গত ৭ মার্চ উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি যেকোনও দিন রায় ঘোষণার জন্য (অপেক্ষমাণ) রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর তিন রাজাকারের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। এরপর তা যাচাই-বাছাই করে ট্রাইব্যুানালে দাখিল করা হয়।
এ মামলায় আসামি ছিল তিন জন। তবে বিচার চলাকালীন আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) মারা যান। আসামিদের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে।
আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্যকরণসহ ৬টি অভিযোগ আনা হয়।