গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো গাড়িচালক রাসেল সরকারকে তিন মাসের মধ্যে আরো ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রায় দেন।
গত ৫ মার্চ ক্ষতিপূরণ প্রশ্নে রুলের ওপর শুনানি শেষ হয়। রাসেলের আইনজীবী আদালতকে জানান, গ্রিন লাইন কর্তৃপক্ষের জন্য ৫০ লাখ টাকা বড় কোনো বিষয় নয়, রাসেলের দুটি বাচ্চার ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে আদেশ দেয়া উচিত।
এদিকে গ্রিন লাইনের আইনজীবী জানিয়েছেন, মালিকের সম্মতিতে মানবিক কারণে রাসেলের ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না।
এর আগে, রাসেল সরকারকে প্রতি মাসে ৫ লাখ টাকা করে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এই আদেশের পর এ পর্যন্ত রাসেলকে ১০ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ। এছাড়া তার চিকিৎসার জন্য আরো তিন লাখ টাকা ব্যয় করেছে গ্রিন লাইন পরিবহন।
২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের ধাক্কায় রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। / ইন