রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধ করে হত্যা মামলায় গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামিদের আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তিনজনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা। আসামিরা ২০ ভরি স্বর্ণ, একটি স্যামসাং জে-৭ মোবাইল এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে মামলায় বলা হয়।
মামলার পর গৃহপরিচারিকা স্বপ্না, রেশমা ও তাদের জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।