রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি আদালতে এ চার্জশিট দাখিল করা হয়েছে।
চার্জশিটে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আসামিরা হলেন- নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহিদুল আলম খান কাজল, তান্না ওরফে তানহা ওরফে মুজাহিদ আজমি তান্না, সিয়াম ও অলি আহমেদ ওরফে জনি। এছাড়া অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
২০১৮ সালে ৪ আগস্ট রাতে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের ১২/২ নম্বর বাসায় নৈশভোজের দাওয়াতে গিয়ে মার্শা বার্নিকাট এ হামলার শিকার হন। এ ঘটনায় ওই বছর ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদি হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গত চলতি বছরের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুর রউফ ডিবির পরিদর্শক (নিরস্ত্র) চার্জশিট দাখিল করেন।
এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, বেশ কিছুদিন আগেই চার্জশিট অনুমোদন করা হয়েছে। সম্প্রতি আদালতে তা দাখিল করা হয়েছে। / ইত্তে