রাজধানীর ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া কাউন্সিলর ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ইরফান সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে চেম্বার আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে ইরফান সেলিমের করা আবেদনের শুনানি করে রবিবার (২৫ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
এর আগে গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। / ভোকা