রাজধানীর ধানমন্ডি থানায় করা প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল-এর ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানায় প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ড শেষে দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় রাসেল ও শামীমা দম্পতিকে। এরপর ধানমন্ডি থানায় গ্রাহকের করা প্রতারণার মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে আদালত মোহাম্মদ রাসেল-এর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলাম-এর আদালতে তাদের হাজির করা হয়। এরপর গুলশান থানায় প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলাম।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনিরুজ্জামান লিটন তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৬ সেপ্টেম্বর বিকালে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেল-এর বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে এই দম্পতিকে গ্রেফতার করা হয়। এরপর তাদের র্যাব সদর দফতরে নেওয়া হয়। সেখানেই চলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ।
মামলার এজাহারে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন-এর বিরুদ্ধে তিনটি ধারায় অপরাধের কথা বলা হয়েছে। / বাভি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: