অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানী বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির মামলায় এবার জমির মালিক এস এম এইচ আই ফারুকসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ কামাল হোসেন এই অভিযোগ গঠন করেন। বিচারক আগামী ১৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেন।
২০১৯ সালের ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুন লেগে ২৬ জন নিহত হন। আহত হন ৭০ জন। এ ছাড়া অগ্নিকাণ্ডে আটকা পড়াদের বাঁচাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানা ৮ এপ্রিল রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কর্তৃপক্ষ ১৫ তলা ভবন নির্মাণের অনুমতি নিলেও বিভিন্ন সময়ে অবৈধভাবে তা ২৩ তলা পর্যন্ত বাড়ানো হয়। এ ঘটনায় ২০১৮ সালের ২৫ জুন দুদকের উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে মামলা করেন। সেখানে দণ্ডবিধির চারটি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তীতে ২০১৯ সালের ২৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক আসামিদের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। / এন