সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ।
দুর্নীতির অভিযোগে দেশে এই প্রথম একজন সাবেক প্রধান বিচারপতির বিচার হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে এ রায় ঘোষণা করা হবে।
দেশের ইতিহাসে ঋণ জালিয়াতি ও দুর্নীতির ঘটনা অনেক থাকলেও, সাবেক প্রধান বিচারপতির বিচারের নজির এটিই প্রথম। ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকার ঋণ জালিয়াতি এবং আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ১০ই জুলাই মামলা করে দুর্নীতি দমন কমিশন। একই বছরের ১০ই ডিসেম্বর আদালতে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক বেনজীর আহমেদ। আর ২০২০ সালের ১৩ই আগস্ট সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষের ২১ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেন ২০ জন। যুক্তিতর্কের শুনানি শেষে ২১শে অক্টোবর রায়ের দিন ঠিক করেন বিচারক। এ মামলায় সাবেক প্রধান বিচারপতিসহ ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড আশা করছে রাষ্ট্রপক্ষ। আর আসামিপক্ষ বলছে, রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণে ব্যর্থ হওয়ায় খালস পাবেন সবাই।
ঋণ কেলেঙ্কারির এ মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, ফারমার্স ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় পলাতক রয়েছেন। আর কারাগারে আছেন ফারমার্স ব্যাংক অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী। মামলার বাকি আসামিরা সবাই জামিনে রয়েছেন। / ডি