রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহেন শাহ শাহীন হত্যা মামলার রায়ে ৩১ আসামির মধ্যে ৯জনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়েছে। এছাড়াও ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, মনসুর রহমান, হাসানুল জামান হিমেল, তৌফিকুল ইসলাম চাঁদ, মোহাম্মদ মহাসিন, সাইরুল, রজব, বিপ্লব, মোমিন ও আরিফুল ইসলাম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মাহাবুল হোসেন, সাত্তার, সাজ্জাদ হোসেন, বখতিয়ার আলম রানা, হাসান আলী, মাসুদ, রাসেল, রাজা, মুতুর্জা, সুমন, আসাদুল, আক্তারুল, জইদুর রহমান, ফরমান আলী, জয়নাল আবেদীন, রাজু আহমেদ, আকবর আলী, সম্রাট হোসেন, লাল মোহাম্মদ, টিয়া আলম, আজাদ হোসেন ও মাসুম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর গুড়িপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১৩ সালের ২৮ অক্টোবর দুপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহীন আলম ওরফে শাহেন শাহকে কুপিয়ে হত্যা করেন মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ২৫ জনকে আসামি করে ২৯ অক্টোবর সন্ধ্যায় রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান।
এরপর মামলার প্রধান আসামি তৎকালীন এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মুনসুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। তদন্তের পর ৩১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান। / যমুনাটিভি