বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সদ্য পদত্যাগপত্র করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদনের ওপর শুনানি নিয়েছেন আদালত। তবে এখনও এবিষয়ে আদেশ দেওয়া হয়নি।
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দেওয়া হবে জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আবেদনকারীর পক্ষের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার।
মামলার আবেদনে মহিউদ্দিন হেলাল নাহিদকে অপর আসামি করা হয়েছে। মামলার বাদী ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী জবানবন্দি প্রদান করেন।
এর আগে রোববার (১২ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল বক্তব্যের অভিযোগে মামলার আবেদন জমা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী। / বার্তা