বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের দ্বন্দ্বে ফলে সৃষ্টি জটিলতার কারণে হাইকোর্টের জারি করা রুলের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হবে।
সোমবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে ভার্চুয়ালি আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিএফডিসির সাধারণ সম্পাদক পদে নিয়ে জায়েদ খানের দায়ের করা রিটের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। নিপুণের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চ পিছিয়ে আজকের এ দিন ধার্য করেন। তারই ধারাবাহিতায় আজ বিষয়টি আদালতের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে।
আদালতে ওইদিন নিপুণের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন, আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।
গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ এবং স্থিতাবস্থা বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়টি হাইকোর্টে রুল শুনানিসহ নিষ্পত্তির নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।