দুই দিনব্যাপী সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ বর্ষের নির্বাচন আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে. আগামীকাল বুধবারও ভোটগ্রহণ চলবে।
এই নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৪ জন আইনজীবীকে মোট ৮,৬২৩ আইনজীবী ভোট দিবেন।
এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের মধ্যে।
এদিকে নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি ৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মুনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উপরোক্ত আদেশ প্রদান করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মামুন মাহবুব ও রফিকুল ইসলাম তালুকদার রাজা।
এর ফলে আজ ও কালকের নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীগণ।
সাদা প্যানেলে যারা আছেন
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত সাদা প্যানেল থেকে সাবেক অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোঃ মমতাজ উদ্দিন ফকির এবং মোঃ আব্দুন নুর (দুলাল) সম্পাদক পদে নির্বাচন করছেন। সভাপতি-সম্পাদক ছাড়া বাকি পদগুলোর মধ্যে রয়েছেন সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও মোহাম্মদ হোসাইন। ট্রেজারার ড. মোহাম্মদ ইকবাল করিম, সহ-সম্পাদক এবিএম হামিদুল বিজবাহ ও মোহাম্মদ হারুন অর রশিদ, সদস্যদের মধ্যে রয়েছেন ফাতেমা বেগম, হাসান তারেক, মোঃ মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, শফিক রায়হান শাওয়ন, শাহাদত হোসেইন (রাজীব), সুব্রত কুমার কুন্ডু।
নীল প্যানেলে যারা আছেন
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অর্থাৎ বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতি পদে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সম্পাদক পদে নির্বাচন করছেন। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি মনির হোসেন ও আশরারুল হক। কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন, সহ-সম্পাদক মফিজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহাবুর রহমান খান, সদস্য পদে ফাতিমা আকতার, কামরুল ইসলাম, মাহদিন চৌধুরী, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ গোলাম আক্তার জাকির, মোঃ মনজুরুল আলম (সুজন), মোঃ মোস্তফা কামাল বাচ্চু।