দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলায় ১০ বছরের কারদণ্ডপ্রাপ্ত হাজী সেলিমকে জামিন দেননি আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (৬ জুন) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন। জামিনের বিষয়টি আগামী ১ আগস্ট আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়।
আদালতে হাজী সেলিমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।
এর আগে ২৪ মে সকালে দুদকের মামলায় হাইকোর্টের দণ্ড বাতিল চেয়ে লিভ টু আপিল করা হয়। সঙ্গে জামিনের আবেদন করেন তিনি।
গত রোববার (২২ মে) দুর্নীতির মামলায় দশ বছর সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম বিচারিক আদালতে আত্মসমর্পণ করে যে কোনো শর্তে জামিনের আবেদন করেন।
ওইদিন ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন। এরপর ২৩ মে হাজী সেলিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
ওইদিন সকাল ৯টার দিকে অ্যাম্বুলেন্সে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে আনা হয় আলোচিত এই সংসদ সদস্যকে।