রংপুরের বদরগঞ্জে কৃষক আশরাফুল ইসলাম হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার (১১ জুন) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো। এই মামলায় অপর ৬ আসামিকে খালাস দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৪ জুলাই তারিখে রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর ডাড়ারপাড় গ্রামের শামসুর রহমানের ছেলে কৃষক আশরাফুল ইসলামকে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা শামসুর রহমান বাদী হয়ে ৯ আসামির নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ৯ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে তিন আসামি রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর আলমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বাকী ৬ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক। রায় ঘোষণার পর দন্ডিত তিন আসামিকে পুলিশী পাহারায় আদালতের হাজত খানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী নয়নুর রহমান টফি জানান, বাদী পক্ষ মামলায় রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী বলেন তারা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।