রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যদের ওপর হামলা ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া গ্রেফতার অপর ১০ আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
রিমান্ড যাওয়া দুই আসামি হলেন- মোস্তাফিজুর (৪৭) ও উমর ফারুক (৪১)। আর কারাগারে যাওয়া ১০ আসামি হলেন- আশিক (৩০), মুন্না (১৯), অন্তর (২০), আব্দুল খালেক (২২), মিজান (২১), শাওন (১৯), নুর নবী (২২), শাহিন (২২), মাসুদ (২৩) ও আবুল কালাম (২৯)।
রোববার (১২ জুন) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক শফিউল আলম ১২ আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত দু’আসামির এক দিনের রিমান্ড এবং ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মুসল্লিরা বিক্ষোভ করার সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ হামলার শিকার হন।
মামলার সূত্রে জানা যায়, ভারতের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করেছেন- এমন অভিযোগে শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পর ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভরত মুসল্লিরা কোনও উস্কানি ছাড়াই মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানার এএসআই পান্নু মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।