ঢাকার জুরাইনে মোটরসাইকেল আরোহী এক দম্পতিকে আটকানোর পর কথা-কাটাকাটির একপর্যায়ে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় অপরাধী যেই হোক তার বিচার হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ওই মামলায় দুই আইনজীবীর রিমান্ড মঞ্জুরের পর মামলার নথি তলব করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতের বিষয়ে শুনানির সময় মঙ্গলবার (১৪ জুন) এ মন্তব্য করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আপিল বিভাগ রিটের পক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, আপনারা বিচারিক আদালতে দুই আইনজীবীর জামিন আবেদন করার পরামর্শ দেন।
আদালতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, পুলিশ যদি অপরাধ করে তার বিচার হবে আর যদি আইনজীবী অপরাধ করলে তারও বিচার হবে।
আদালতে আইনজীবীদের পক্ষে শুনানিতে ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।