ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামে মামলা হয়েছে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়ে কুৎসা, মিথ্যা, বানোয়াট ও কটুক্তি করার অভিযোগে মঙ্গলবার (১৪ জুন) দুপুরে এ মামলা করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেছেন অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত (তানিম)।
আইনজীবী ইব্রাহিম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ডিজিটাল আইনে নুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুনানি শেষে বিচারক পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলায় অভিযোগে বলা হয়েছে,, গত ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগ ও শিক্ষা উপমন্ত্রীর বিরুদ্ধে নোংরা মানহানিকর মন্তব্য করে ভিডিও নিজের ফেসবুকে প্রচার করেন। বক্তব্যের মধ্য দিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্র এবং অরাজকতা তৈরির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ আনা হয় মামলায়।