রাজধানীর জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই আইনজীবীর রিমান্ড বাতিলের প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবীদের রিমান্ড বাতিল ও জামিন হওয়ায় রুলের কার্যকারিতা না থাকায় আদালত এ আদেশ দিয়েছেন।
রোববার (১৯ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
ব্যারিস্টার অনিক আর হক আদালতে বলেন, বিচারিক আদালত দুই আইনজীবীর রিমান্ড বাতিল করেছেন এবং তাদের জামিন দিয়েছেন। তাই এ মামলা আমরা চালাতে চাচ্ছি না। পরে আদালত রুল খারিজ করে আদেশ দেন।
এর আগে গত ১৪ জুন রাজধানীর জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগের মামলায় শিক্ষানবিশ আইনজীবী সোহাকুল ইসলাম রনি ও তার শ্যালক আইনজীবী ইয়াসিন আরাফাতের রিমান্ড বাতিল করে জামিন দেন ঢাকা মহানগর আদালত। ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
ওইদিন সকালে আপিল বিভাগ বলেছিলেন, জুরাইনের ঘটনায় পুলিশ যদি অপরাধ করে তার বিচার হবে, আইনজীবী অপরাধ করলে তারও বিচার হবে। যে যতটুকু অপরাধ করেছে তার বিচার হবে।