নারায়ণগঞ্জে ব্যবসায়ী সেলিম হত্যা মামলায় মোহাম্মদ আলী (৪০) ও ফয়সাল (২৯) নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২০ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা ঝুটের ব্যবসার সঙ্গে জড়িত।
আদালতের এপিপি জাসমিন আহমেদ জানান, সেলিম হত্যা মামলায় আদালত দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলা থেকে দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, ২০১৯ সালের ৩১ মার্চ বিকেলে সেলিম চৌধুরীকে আসামিদেের কাছ থেকে পাওনার দুই লাখ টাকা আনতে যায়। ওই টাকা আত্মসাৎ করতে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে হাত-পা বেঁধে বস্তায় ভরে মরদেহ মাটিতে পুঁতে রাখে।
এ ঘটনার ১১ দিনের মাথায় পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশও মামলার তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলাটিতে ১১ সাক্ষ্য শেষে আদালত দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ও সোলেমান ও আলী হোসেন নামে দুইজনকে খালাস প্রদান করেছেন।
তবে এ রায়ে সন্তুষ্ট নয় মামলার বাদীসহ নিহতের স্বজনরা।
নিহতের স্ত্রী ও মামলার বাদী রেহেনা আক্তার জানান, এটি একটি পরিকল্পিত হত্যা। আসামী মোহাম্মদ আলী ও ফযসাল আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দিয়েছে। আদালত আজ যে রায দিয়েছে তারা প্রত্যাশা করিনি। তিনি উচ্চ আদালতে যাবেন।