আদালতে আত্মসমর্পণ করে ২০১৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে গোলাম কিবরিয়া ও একরাম হোসেন বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আসামিরা কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত কাউন্সিলর। দুই কাউন্সিলর হলেন- গোলাম কিবরিয়া ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং জামায়াত নেতা। অন্যদিকে একরাম হোসেন বাবু ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর আমলি আদালতের বিচারক এ আদেশ দেন।
কুমিল্লার মুরাদনগরে ২০১৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হাজির হয়ে আজ জামিন আবেদন করেন এই দুই কাউন্সিলর। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলায় বিএনপি জামায়াতের আরও ৬ নেতাকর্মীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
তারা হলেন ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন। বিএনপি নেতা রাসেল মিয়া, জামায়াত নেতা আমির ফয়েজী, মফিজুল ইসলাম, বিএনপি নেতা মান্নান মিয়া এবং নজীর আহমদ।