ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে দুর্নীতির মামলায় জামিন দেননি আপিল বিভাগ। অস্ত্র, মাদক ও অর্থপাচারের অন্য তিন মামলায় জামিনে থাকলেও বুধবারের (১০ আগস্ট) এই আদেশের কারণে মুক্তি পাচ্ছেন না তিনি।
এদিন বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন।
জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সম্রাটের করা আবেদন শুনানির জন্য গত ২৩ মে আপিল বিভাগে পাঠান চেম্বার আদালত। এর আগে ১৮ মে তার জামিন বাতিল করেন হাইকোর্ট। সেইসঙ্গে তাকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্রাটকে জামিন দেন ১১ মে । সম্রাটের বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুর্নীতির চারটি মামলা রয়েছে। ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৭ অক্টোবর তাকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব।