রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজ ও হাসিনুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী ইলিয়াস আহমেদ এ মামলাটি করেন। বুধবার (২৪ আগস্ট) বিকেল তিনটার দিকে রংপুর সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন তিনি।
সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা তিনটার দিকে ট্রাইব্যুনালের বিচারক আবদুল মজিদ মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে কাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তা কাগজ না দেখা পর্যন্ত সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
এদিকে আদালতের একটি সূত্রে জানা গেছে, মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার আরজি থেকে জানা যায়, মামলার আসামি হাসিনুর রহমানের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার নাথের পাথুয়া বিনয়ঘর গ্রামে। তিনি বর্তমানে রাজধানী ঢাকার মিরপুরে বসবাস করছেন। মামলার অপর আসামি হিসেবে নেত্র নিউজের নাম উল্লেখ করা আছে।
মামলার বাদী ইলিয়াস আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেত্র নিউজের আইডি থেকে একটি ভিডিও নজরে আসে। সেখানে ‘আয়নাঘরে বন্দী’ শিরোনামে একটি মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক ভিডিও প্রচার করা হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওসহ পোস্টটি রাষ্ট্র ও সরকারবিরোধী। যেখানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক এই অপপ্রচারের কারণে ৫০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের পক্ষের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।