প্রায় ২৪ বছর পর শুরু হয়েছে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। রোববার (২৮ আগস্ট) মামলার বাদী সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী সাক্ষ্য দিয়েছেন। তিনি আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক জাকির হোসেন এই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিচারক আজ সাক্ষী তৌহিদুলের জবানবন্দি রেকর্ড করেন। পরে বাদীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।
রোববার শুনানি উপলক্ষে কারাগার থেকে মামলার আসামি আশীষ রায় চৌধুরী, সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈদ মামুনকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আসামি ফারুক আব্বাসীও আজ আদালতে হাজির হয়েছেন।
১৬ বছর আগে ঢাকা মহানগরের পিপি দপ্তর থেকে সোহেল চৌধুরী হত্যা মামলার তদন্তের নথিপত্র কেস ডকেট (সিডি) নিয়ে যান পুলিশের তৎকালীন পরিদর্শক ফরিদ উদ্দিন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান মেলে। তিনি আগেই অবসরে গেছেন। তবে হত্যা মামলার সিডি আজও আদালতে উপস্থাপন করা হয়নি।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রামস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন।
গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এ মামলায় ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের পর আসামি আদনান সিদ্দিকী ২০০৩ সালে হাইকোর্টে রিট করেন।
রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৫ সালের ৫ আগস্ট হাইকোর্ট রুল ডিসচার্জ (খারিজ) করেন এবং এর আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে রায় দেন।