সাবেক বিশ্বসুন্দরী, বলিউডের অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া মুম্বাইয়ের ভার্সোভা এলাকায় অবস্থিত ১৫ বেডরুমের বিশাল বাংলো কিনবেন বলে জানা গেছে। যার দাম ১০০ কোটি রুপি। অনেক দিন থেকেই মুম্বাইয়ে নিজের জন্য বাড়ি খুঁজছিলেন তিনি। অবশেষে স্বপ্নের বাড়ির সন্ধান পেয়ে গেছেন তিনি।
‘দরিয়া মহল’ নামের বাড়িটি মনে ধরলেও, এখন পর্যন্ত সেটি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেননি প্রিয়াঙ্কা।
সাগরমুখী ‘দরিয়া মহল’ বাংলো থেকে সাগরের চমত্কার দৃশ্য দেখা যায়। বর্তমানে এটি শুটিং বাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাঝেমধ্যে তারা ঝলমলে জমকালো অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সেখানে।
ব্রিটিশ স্থপতি ক্লড বেটলির নকশায় বাড়িটি তৈরি করা হয়েছিল ১৯৩০ সালে। বাড়িটি তৈরি হয়েছিল ধনাঢ্য টেক্সটাইল ব্যবসায়ী প্রয়াত চুনিলাল চিনাইয়ের জন্য। এ বাড়ির বর্তমান মালিক চুনিলালের নাতি হরিষ চিনাই।
‘দরিয়া মহল’ বাংলো বাড়ির পুরোনো দিনের নকশার প্রেমে পড়ে গেছেন প্রিয়াঙ্কা। এটি কেনার জন্য প্রচণ্ড আগ্রহী তিনি।
এর আগে এ বাড়িটি কিনতে চেয়েছিলেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান ও তারকা অক্ষয় কুমার। তবে ব্যাটে-বলে না মেলায় শেষ পর্যন্ত বাড়িটি কিনতে পারেননি তারা। এবার প্রিয়াঙ্কা বাড়িটি কিনতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।