আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি শামসুর রাহমানের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। রোববার সকালে বনানী কবরস্থানে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কবির পরিবার ও ভক্ত-অনুরাগীরা।
‘বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা’ ‘স্বাধীনতা তুমি’ ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ ‘আসাদের শার্ট’—এসব কবিতার মধ্য দিয়ে বিদ্রোহী চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কবি শামসুর রাহমান। সেইসঙ্গে স্বৈরশাসন ও গণতন্ত্রের প্রতিচ্ছবিও ফুটে উঠেছে তার কবিতায়।
শামসুর রহমানকে বিংশ শতাব্দীর তিরিশের দশকে পাঁচ মহান কবির পর বাংলা কবিতার প্রধান পুরুষ হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি তিনি।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ, শামসুর রাহমান স্মৃতি পরিষদ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আজ সারা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
বিংশ শতাব্দীর দ্বিতীয়ভাগে দুই বাংলায় তার শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়েছে। সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি আদমজী সাহিত্য, বাংলা একাডেমি, একুশে পদকসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার অর্জন করেন। ২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন শামসুর রহমান।