এক সময়ের সাড়া জাগানো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির শাহরুখ খান-কাজল জুটির অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন অসংখ্য দর্শক। এরপর সবশেষ চার বছর আগে মাই নেম ইজ খান ছবিতে আবারো জুটি বাঁধেন জনপ্রিয় এ জুটি।
এবার রোহিত শেঠির পরবর্তী ছবিতে দেখা যাবে শাহরুখ ও কাজলকে। মুম্বাইভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মিড-ডে ডটকম এ খবর জানিয়েছে। নাম চূড়ান্ত না-হওয়া ছবিটিতে অভিনয়ের জন্য প্রস্তুত শাহরুখ ও কাজল।
ঘনিষ্ঠ একটি সূত্র জানা যায়, রোহিতের পরবর্তী ছবিতে অভিনয় করবেন শাহরুখ। সম্প্রতি এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কাজল। ছবির কাজ এই মুহূর্তে একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। শিগগিরই ছবিটি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
এরইমধ্যে ছবির চিত্রনাট্যের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন রোহিত। আগামী বছর এর শুটিং শুরু হবে বলেও জানা যায়। কাজলের স্বামী অজয় দেবগনের সঙ্গে রোহিতের সম্পর্ক বেশ ভালো। সম্ভবত এ জন্য খুব সহজেই নিজের পরবর্তী ছবিতে কাজলকে পেয়ে গেছেন রোহিত। সূত্র: মিড-ডে ডটকম