গুলশান আজাদ মসজিদে নামাযে জানাজা শেষে বুধবার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।
এ সময় বরেণ্য এ শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হয়েছিলেন শিল্পী, কবি, সাহিত্যিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হন গুণী এ শিল্পী।
সকালে হাসপাতালের হিমঘর থেকে রাজধানীর ইন্দিরা রোডে তার বাসভবন কালিন্দি অ্যাপার্টমেন্টে নেয়া হয়। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি, প্রতিবেশী, শুভানুধ্যায়ীরাও তাকে শেষবারের মতো দেখতে সেখানে জড়ো হন।
গতকাল মঙ্গলবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন ফিরোজা বেগম।