বাউল গানের কিংবদন্তী শাহ আব্দুল করিমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। গ্রাম-বাংলার মানুষের অনুভূতিকে গানে গানে ফুটিয়ে তুলেছিলেন বাউল গানের এ শিল্পী।
ভাটিয়ালি, জারি, সারি, মুর্শিদীসহ বহু গান বানিয়েছেন ভাটির কবি শাহ আব্দুল করিম। সবসময় মাটি আর মানুষের কথা উঠে এসেছে তার গানে। আজও শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয় তার গান।
সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০০১ সালে একুশে পদকে ভূষিত করা হয় শাহ আব্দুল করিমকে। পেয়েছেন কথা সাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পদক, রাগীব-রাবেয়া সাহিত্য পদকসহ বেশ কিছু সম্মাননাও।
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাউল সম্রাটের নিজ বাড়ি সুনামগঞ্জের উজানধলে পালিত হচ্ছে দিনটি।
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধলে জন্ম কীর্তিমান এ শিল্পীর। গান রচনা শুরু সেই কিশোর বয়সেই। কখনও মুখে মুখে। কখনও বা আসরে দাঁড়িয়ে গান রচনা করেছেন আব্দুল করিম।