নীল আকাশে সাদা মেঘের ভেলায় কাশের বনে এসেছে শরৎ। তাই নাচে-গানে-কবিতায় শরৎ বরণে মেতে উঠেছে নগরবাসী।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শরৎ উৎসবে রবি কবি, নজরুল আর জীবনানন্দের শরৎ বন্দনা মূর্ত হয়ে ওঠে সুরের মূর্চ্ছনায় শিল্পীর কণ্ঠে আর নুপুরের নিক্কনে।
সকালে বাঁশির মোহনীয় সুরের মধ্য দিয়ে শুরু হয় শরৎ উৎসব।
কেন্দ্রীয় শহীদ মিনারে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে এই উৎসবে ছিল রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশের শরৎ বন্দনা।
অনুষ্ঠানে দলীয় নৃত্য, একক ও দলীয় সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শরৎ ঋতুসহ অন্যান্য ঋতুকে বরণ করে নিতে উৎসবের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। আর এসব উৎসবে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
এ ধরনের ব্যতিক্রমী উৎসবে অংশ নিতে পেরে আনন্দিত দর্শক ও অংশগ্রহণকারীরা। আর নতুন প্রজন্মকে বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এসেছেন অনেকে।
এছাড়াও আয়োজন করা হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার।