প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন আজ (রোববার)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের ওপর চালানো হত্যাযজ্ঞ থেকে ভাগ্যচক্রে বেঁচে যাওয়া শেখ হাসিনা তিন দশক ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন এবং তিন দফায় তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার লেখাপড়ায় হাতেখড়ি হয় টুঙ্গিপাড়ার পাঠশালায়। এরপর ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
ইডেন কলেজে পড়ার সময় তিনি ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। শেখ হাসিনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক। ছাত্রলীগ নেত্রী হিসাবে আইয়ুব বিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন শেখ হাসিনা।
১৯৬৬ তে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর, কারাবন্দী পিতার আগ্রহে ১৯৬৮ সালে পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় তার। এর কিছুদিন পর শুরু হয় ১১ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান। শেখ হাসিনা ছাত্রলীগ নেত্রী হিসেবে তাতে সক্রিয় অংশগ্রহন করেন।
৭১ এ পাকবাহিনীর হাতে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তিনি ঢাকায় একটি বাড়িতে গৃহবন্দী হন। সেখানেই ২৭ জুলাই প্রথম সন্তান জয়ের মা হন তিনি।
স্বাধীনতার পর ১৯৭২ এ ৯ ডিসেম্বর জন্ম নেয় দ্বিতীয় সন্তান পুতুল। ১৯৭৫ এর ১৫ আগষ্টের ভয়াবহ হত্যাকান্ডের মাত্র কিছুদিন আগে ছোটবোন রেহানাসহ শেখ হাসিনা তার স্বামীর কর্মস্থল ইউরোপে যাওয়ায় ঘাতকদের হাত থেকে বেঁচে যান দুই বোন।এরপর শুরু হয় এর দুঃসহ নির্বাসিত জীবন। স্বামী সন্তান এবং বোন রেহানাসহ ভারতে রাজনৈতিক আশ্রয় নিতে হয় তাকে।
১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে দলের সভানেত্রী নির্বাচিত করা হয়। অবশেষে একই বছর ১৭ মে দেশে ফেরেন তিনি। এরপর দীর্ঘ ১৬ বছর দল গোছানোর পাশাপাশি সামরিক জান্তা ও স্বৈরশাসকের বিরুদ্ধে চলে সংগ্রাম। ১৯৯৬ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
২০০৪ এর ২১ আগষ্ট বিরোধীদলীয় নেত্রী থাকাকালে তার উপর চলে ভয়ংকর গ্রেনেড হামলা। এছাড়াও বিভিন্ন সময়ে ঘাতকেরা তাকে হত্যার চেষ্টা চালায়।
২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার তাকে এক বছর কারাবন্দি করে রাখে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বিশাল জয় নিয়ে তার দল সরকার গঠন করলে আবারো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। চলতি বছর ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনেও তার দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করে। শেখ হাসিনা তৃতীয়বারের মতো হন দেশের প্রধানমন্ত্রী।