বর্ষার সিক্ত বসুন্ধরা বৈচিত্রময় পৃথিবীকে নতুন রুপে সাজায়। পত্র-পল্লবে, ফুলে-ফলে প্রফুল্লিত এক নতুন প্রকৃতিকে সে তুলে দেয় শরতের বরণডালায়। দূর আকাশে সাদা তুলোর মতো মেঘ ভাসে। মৃদু বাতাসে মৃদ হাসে কাশ ফুল। শিউলীর শরীরে জাগে শিহরণ। ঐ দূরে বেজে ওঠে ঢাক। দরজায় কড়ানাড়ে দুর্গোৎসব।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হয়েছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। এবার দেবীর আগমন নৌকায় আর গমন দোলায়।
ধর্ম যার যার রাষ্ট্র সবার; এই চেতনার সঙ্গে এখন যুক্ত হয়েছে ধর্ম যার যার উৎসব সবার। দেশের সকল প্রান্তের মানুষ ৫ দিন ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে যুক্ত হবে এ আনন্দ আয়োজনে।
সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দুর্গাৎসবের প্রথম আরতি। দেবী দূর্গার আরাধনার মধ্য দিয়ে বিশ্বশান্তি কামনায় প্রর্থনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা পরিদর্শন করছেন দর্শনার্থীরা।
শারদীয় দুর্গাপূজার প্রথম দিনে মঙ্গলবার ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস; ষষ্ঠী তিথিতে সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং সায়ংকালে বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনা পূজা করা হয়। সেই সঙ্গে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হয় মূল দুর্গোৎসব।
আগামীকাল-বুধবার মহাসপ্তমী, বৃহস্পতিবার মহাষ্টমী ও কুমারী পূজা। তিথি অনুযায়ী, এবার শুক্রবার একই দিনে মহানবমী ও বিজয়া দশমী পড়েছে। তবে সারাদেশে শনিবার বিজয়া শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে মন্দির ও আশপাশের এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
উৎসব উপলক্ষে সারাদেশের মন্দিরগুলোতে সাজ সাজ রব। চলছে ধর্মীয় আচার ও প্রার্থনা।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরে ৬১৩টি মণ্ডপে বাজছে ষষ্ঠীর ঢাক। উৎসব মূখর পরিবেশে মণ্ডপগুলোতে পূজা অর্চনায় ব্যস্ত হিন্দুধর্মাবলম্বীরা। মন্দিরে মন্দিরে ঘুরে প্রতিমা দর্শন করছেন দর্শনার্থীরা।
পূজা উপলক্ষে দুপুরে আনন্দ মিছিল বের করে হয় সুনামগঞ্জে। মিছিলটি কালিবাড়ি শ্রী শ্রী মন্দির থেকে বের হয়ে জগন্নাথবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।
পূজা উপলক্ষে ঠাকুরগাওয়ের মন্দির ও আশপাশের এলাকায় সাজ সাজ রব। চলছে পূজা আরচনা। আইন-শৃঙ্খাল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নজরদারি।
ঢাক ও কাশার ঘণ্টা ধ্বনীতে মুখরিত হয়ে উঠেছ নাটোরের পূজা মণ্ডপগুলো। উৎসব মুখর পরিবেশে বিশ্ব শান্তি কামনায় দূর্গার আরাধোনায় ব্যস্ত তারা।