শারদীয় দুর্গোৎসব এখন বিদায় পর্বে শুক্রবার একইসঙ্গে হয়ে গেল মহানবমী ও দশমীবিহিত পূজার অর্চনা ও আচার-আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দর্পণ বিসর্জনও হয়ে গেছে। শনিবার প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গাপূজা। তিথি অনুযায়ী একই দিনে পূজাপর্ব পড়ায় এবার ভিন্ন আঙ্গিক পেয়েছে উৎসব।
মহানবমী দুর্গা পূজার শেষ তিথি। এ মহাক্ষণে দেবকূল দেবীর বন্দনা করেন। ভোরে দেবীর মহানবমী কল্পারম্ভ এবং নবমীবিহীত পূজার মধ্য দিয়ে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। যজ্ঞের মাধ্যমে মায়ের কাছে আহুতি দেয়া।
বিদায় আসন্ন। তাই মাকে আরো এক নজর দেখতে আসেন ভক্তরা। এর পরপরই শুরু হয় বিজয়া দশমীর ক্ষণ। মাকে বিদায়ের আনুষ্ঠানিকতা। তাই ভক্তরা যুগপৎ আনন্দ আর বিষাদে ভারাক্রান্ত। মন ভারাক্রান্ত হলেও হাসিমুখে সেরে নেওয়া হয় বিজয়া দশমীর দশমীবিহীত পূজা অর্চনার কাজটি।
অঞ্জলি গ্রহণ শেষে ছিল দেবী দুর্গার দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা। অতপর মা-দুর্গার চরণে আর নিজেদের মধ্যে সিঁদুর পরিয়ে দেয়ার পালা।
পঞ্জিকা অনুসারে শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে দুর্গা এবার এসেছিলেন নৌকায় চড়ে। দুর্যোগের আভাস দিয়ে ফিরে যাবেন দোলায় চড়ে। পূজারীদের প্রার্থনা, দুর্যোগটা যেন হয় অমঙ্গল দমনে।
এদিকে রাতের বেলায় বর্ণীল সাজে সজ্জিত মন্ডপগুলো ভক্তদের আগমনে আরো উৎসবমূখর হয়ে উঠে।