একটা সময় সুসম্পর্ক থাকলেও বলিউডের প্রভাবশালী দুই অভিনেতা শাহরুখ খান ও আমির খান দুজনের মধ্যে নীরব রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। ক্ষেত্রবিশেষে অহংবোধ থাকাটাও অস্বাভাবিক নয়। অন্তত সম্প্রতি আমিরের আচরণে এমনটিই লক্ষ করা গেছে।
দিওয়ালির মৌসুম সামনে রেখে ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে শাহরুখের নতুন ছবি হ্যাপি নিউইয়ার। শোনা গেছে, শাহরুখের এ ছবির সঙ্গে আমির তার ‘পিকে’ ছবির ট্রেইলার যুক্ত করেছেন। তবে সে ক্ষেত্রে শাহরুখকে পাত্তা না দিয়ে আমির সরাসরি যোগাযোগ করেছেন ছবির পরিবেশকদের সঙ্গে। শাহরুখের অনুমতি না নিয়েই তার ‘হ্যাপি নিউইয়ার’ ছবির সঙ্গে আমির ‘পিকে’ ছবির ট্রেইলার মুক্তির এ ব্যবস্থায় বলিউডে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, এর আগে আমির তার ‘তারে জমিন পার’, ‘গজিনি’ ও ‘থ্রি ইডিয়টস’ ছবির ট্রেইলার মুক্তি দিয়েছিলেন দিওয়ালির মৌসুমে। এরই ধারাবাহিকতায় এবারও দিওয়ালির মৌসুমে আমির তার পিকে ছবির ট্রেইলার মুক্তি দেয়ার জন্য ব্যাপক আগ্রহী ছিলেন।
শুরুতে ‘হায়দার’ ছবির সঙ্গে ‘পিকে’ ছবির ট্রেইলার মুক্তি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। তবে আমির চাচ্ছিলেন বড় বাজেটের নামডাকঅলা কোনো প্রযোজনা সংস্থার ছবির সঙ্গে পিকের ট্রেইলার মুক্তি পাক। এ জন্যই ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবি বেছে নিয়েছেন তিনি।
এদিকে, অজয় দেবগনের সঙ্গে শাহরুখের দ্বন্দ্ব থাকলেও কিং খানকে ফোন দিয়ে অজয় তার অ্যাকশন জ্যাকসন ছবির ট্রেইলার হ্যাপি নিউ ইয়ার ছবির সঙ্গে মুক্তি দেয়ার অনুরোধ করেন। শাহরুখও অজয়ের এ প্রস্তাবে সানন্দে রাজি হন। এছাড়া দিবাকর ব্যানার্জি পরিচালিত ডিটেক্টিভ ব্যোমকেশ বকশি ছবির ট্রেইলারও মুক্তি পেতে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার ছবির সঙ্গে।